তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ‘আইনগত বাধা’ দেখেন না আইন উপদেষ্টা
উত্তরদক্ষিণ। সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৮:৪২
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ‘আইনগত বাধা’ দেখেন না আইন উপদেষ্টাসাংবাদিকদের সঙ্গে বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। ছবি- সংগৃহীত
তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো আইনগত বাধা আছে বলে জানা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
তিনি বলেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকমের আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোন বাধা থেকেও থাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।’
আইন উপদেষ্টা বলেন, ‘আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় সেটা ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি।’
আসিফ নজরুল বলেন, ‘আমরা অনেকে মন্তব্য করে থাকি, প্রশ্ন তুল যে- উনি কেন আসছেন না। আমার কাছে এ সকল প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা-ছেলে সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোন নির্দেশনা আছে কিনা, এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা। সেটা নিয়ে প্রি-জাজ করা বা মন্তব্য করা আমার কাছে রুচিকর মনে হয় না।’
তিনি আরও বলেন, ‘আমাদের বুঝতে হবে এটা মা-ছেলের সম্পর্ক। সবচেয়ে ভালো উনারাই বুঝেন কখন আসতে হবে। ঠিক এক্সাক্টলি কখন কোন পদক্ষেপ নিতে হবে।’
ইউডি/এআর

