ভোটার নয় তারেক রহমান, হতে পারবেন কমিশনের সিদ্ধান্তে: ইসি সচিব

ভোটার নয় তারেক রহমান, হতে পারবেন কমিশনের সিদ্ধান্তে: ইসি সচিব

উত্তরদক্ষিণ। সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৯:৪০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কি-না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলছেন, ‘আমার জানা মতে না ‘ সে ক্ষেত্রে তিনি নির্বাচন করতে পারবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘করতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়।’

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

কমিশন সিদ্ধান্ত দেওয়ার আইনটা কী হবে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন। মুখস্থ নাই আমার।’

‘আপনি বলেছিলেন যদি নির্বাচন কমিশন চায় যে কেউ পরে ভোটার হতে পারবেন।’ এটা কি শুধু তারেক রহমানের জন্য প্রযোজ্য কি-না জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘আমি বলেছি যে কেউ। এখানে শুধুমাত্র একজনকে ব্যক্তিগতভাবে চিহ্নিত করছি না। আপনি কেন একজনকে ব্যক্তিগত করছেন? এটা আপনার ক্ষেত্রেও হতে পারে।’

এ সময় ভোটার তালিকা প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ‘৩১ অক্টোবরের মধ্যে যাদের বয়স ১৮ হয়েছে, নিবন্ধন সাপেক্ষে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা ভোটার তালিকা ফাইনাল করছি। কাজেই সংশ্লিষ্ট ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, তার ভোটার ঠিকানা এবং ছবি- এই সাতটা ফিল্ড এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা ভোটার তালিকাটা ফাইনাল করার পরে কমিশনের সিদ্ধান্ত নিয়ে যদি ওপেন করা যায় এই সাতটা ফিল্ডেও সংশোধনের প্রস্তাব আমরা বিবেচনা করবো। এই মুহূর্তে যেগুলো করা যাবে সেগুলো হচ্ছে— স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্যক্ষেত্রের ধর্ম, প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতার ধরণ এই জিনিসগুলো, টেলিফোন নাম্বার—বিশেষ করে টেলিফোন নাম্বারটা পরিবর্তনের বিষয়টা আসছে আয়করের সঙ্গে।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading