কঠিন সময়ে ঐক্য ও সহমর্মিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১১:৫০
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার মায়ের সুস্থতার জন্য যেভাবে সবাই সহযোগিতা ও শুভকামনা জানাচ্ছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (০১ ডিসেম্বর) রাতে তার ফেসবুক পোস্টে এসব কথা লিখেছেন তিনি।
তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যে, বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।
তারেক রহমান আরও লিখেছেন, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া, সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে।
দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইলো বলেও জানান তিনি।
গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
ইউডি/রেজা

