উঠান থেকে শিয়ালে টেনে নিয়ে গেল শিশু, ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

উঠান থেকে শিয়ালে টেনে নিয়ে গেল শিশু, ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৫:৩৫

কিশোরগঞ্জ সদরে শিয়ালের কামড়ে হুমায়রা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুটিকে বাড়ির উঠান থেকে শিয়াল টেনে নিয়ে যায় বলে জানান স্বজনরা।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বৌলাই ইউনিয়নে উত্তর রাজকুন্তী পুঁথিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

হুমায়রা একই এলাকার গাড়িচালক হুমায়ুন কবিরের মেয়ে।

জানা যায়, রাতে মায়ের কোলে বসে খেলতে খেলতে হুমায়রা বায়না ধরে বড় চাচা গোলাম মোস্তফার ঘরে যাওয়ার জন্য। মা চায়না আক্তার চাচা গোলাম মোস্তফার ঘরে মেয়েকে দিয়ে ফিরে আসেন। কিছুক্ষণ পর আবার মাকে ডাকতে বের হয় ছোট্ট হুমায়রা।

চাচার ঘর থেকে একা মায়ের কোলে ফেরার পথে ঘরের উঠান অতিক্রম অন্ধকারে ওঁৎ পেতে থাকা একটি শিয়াল ঝাঁপিয়ে পড়ে হুমায়রার ওপর। মুহূর্তেই শিশুটিকে গলায় কামড়ে টেনে নিয়ে যায় ঝোপের আড়ালে। প্রথমদিকে কেউ কিছু বুঝতে না পারলেও মা বেশ কিছুক্ষণ পর চাচার ঘরে গিয়ে জানতে পারেন-হুমায়রা অনেক আগেই বের হয়ে গেছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো পরিবারে। শুরু হয় খোঁজাখুঁজি।

পরে ঘরের পেছনের ঝোপে হুমায়রার ক্ষতবিক্ষত নিথর দেহ পাওয়া যায়।

হুমায়রার চাচি সামলা আক্তার বলেন, ‘হুমায়রাকে চাচার ঘরে দিয়ে আসেন তার মা। কিছুক্ষণ পর আবার মায়ের কাছে ফিরতে চেয়ে চোখের আড়ালে ঘর থেকে একা একা বের হয়ে যায় শিশুটি। আমরা কেউ বলতে পারি না। পরে ঘরের পেছনে গিয়ে হুমায়রার মরদেহ পড়ে থাকতে দেখি। পুরো শরীরে নখের আঁচড়, কামড়ের দাগ দেখা যায়।’

হুমায়রার বাবা হুমায়ুন কবির বলেন, ‘ফোন করে মেয়ের মৃত্যুর খবর জানানো হয়। আমার তিনটা ছেলে আর একটাই মেয়ে ছিল।’

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শিশু হুমায়রার এমন মৃত্যুর সংবাদ আমার জানা নেই। বিষয়টির খোঁজ নিয়ে দেখছি।’

এমন ঘটনা এর আগেও এলাকায় ঘটেছে। গত রমজানে ইফতারের পর আরাফ নামে আরেক শিশুকে উঠান থেকে টেনে নিয়ে যায় শিয়াল। তারও মরদেহ পাওয়া যায় জঙ্গলে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading