শাহজালালে ‘শূন্য সহনশীল’ নীতিতে বড় সাফল্য, ১৯০০ পিস ইয়াবা জব্দ
উত্তরদক্ষিণ। বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২০:৫৫
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রফতনি কার্গো থেকে ১ হাজার ৯০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় মাদকের এই চালানটি শনাক্ত করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিকেল ৩টার দিকে রফতানি কার্গোর নিরাপত্তা তল্লাশি চলছিল। এ সময় ডাক বিভাগের মাধ্যমে রফতানির জন্য প্রস্তুত করা মালামালের ভেতরে ১ হাজার ৯০০ পিস কমলা রঙের ট্যাবলেট শনাক্ত করা হয়, যার বাণিজ্যিক নাম ‘ইয়াবা’।
ইয়াবা শনাক্ত হওয়ার পরপরই বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে (ডিএনসি) অবহিত করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালানটি জব্দ করে এবং পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু করে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, বিমানবন্দরের কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণেই চোরাচালানের এই প্রচেষ্টা সফল হতে পারেনি। বেবিচক কর্তৃপক্ষ এই সফলতাকে বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার একটি বড় সফলতা হিসেবে দেখছে।
মাদকদ্রব্যের এই বিস্তারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীল নীতি’ অনুসরণ করে এভিয়েশন সিকিউরিটি বিভাগ বিমানবন্দরের নিরাপত্তার জন্য বিভিন্ন নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছে। কর্তৃপক্ষ বলছে, তাদের এই নিরন্তর নজরদারির ফলেই চোরাকারবারিদের অপতৎপরতা রুখে দেয়া সম্ভব হয়েছে।
ইউডি/এআর

