খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী হলেন কৃষ্ণ নন্দী
উত্তরদক্ষিণ। বুধবার (০৩ ডিসেম্বর) ২০২৫, আপডেট ২৩:৪৫
খুলনা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করা হয়েছে। আসনটিতে নতুন প্রার্থী হিসেবে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করেছে দলটি।
বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা নিয়ে গঠিত খুলনা-১ আসনে এর আগে বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির শেখ আবু ইউসুফকে প্রার্থী ঘোষণা করছিল জামায়াত।
বিষয়টি নিশ্চিত করে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী বলেন, ‘আমাকে জামায়াতের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। শিগগির প্রচারণা শুরু করব।’ তিনি আরও বলেন, ‘আমি আগামী ৫ ডিসেম্বর বেলা সাড়ে তিনটায় বটিয়াঘাটা থেকে প্রচারণা শুরু করব। আমিরে জামায়াত আগের ঘোষিত প্রার্থী মাওলানা আবু ইউসুফ ভাই ও আমি—এই দুজনকে বুকে বুক মিলিয়ে দিয়ে গেছেন।’
ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগরে। ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসনে জামায়াতের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এক বছর ধরে ডুমুরিয়া ও ফুলতলায় তাঁর বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কৃষ্ণ নন্দীকে দেখা গেছে। তার নেতৃত্বে প্রতিটি সমাবেশেই সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের সরব উপস্থিতি ছিল।
জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও খুলনা জেলার সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান বলেন, ‘কৃষ্ণ নন্দী এখন খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী। কেন্দ্রীয় কমিটিতে সিদ্ধান্ত হয়ে পরবর্তী সময়ে বিষয়টি আমাদের জানানো হয়েছে। আজ বুধবার আমরা স্থানীয় পর্যায়ের নেতাদের বৈঠকে আলোচনা করে সেটা বাস্তবায়ন করেছি। এই বিষয়ে আমরা দুই দিন আগে চিঠি পেয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘আমাদের দলের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকার সুযোগ নেই। যাকে মনোনয়ন দেওয়া হবে, দল তাকে মেনে নেয়। এটা আমাদের দলের শৃঙ্খলা। আগে যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল, তিনি এটা মেনে নিয়েছেন। তিনিই নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন।’
ইউডি/এবি

