আতিফ আসলামের কনসার্ট নিয়ে সুখবর!

আতিফ আসলামের কনসার্ট নিয়ে সুখবর!

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১২:২৫

ভেন্যু জটিলতার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিশ্চিত হলো ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ কনসার্ট। তাই চলতি মাসেই বাংলাদেশে উপমহাদেশের জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের দুটি কনসার্ট উপভোগের সুযোগ পাবে দেশের সংগীতপ্রেমীরা।

আয়োজক মেইন স্টেজ ইনক জানিয়েছে, নির্দিষ্ট তারিখেই তাদের কনসার্টটি অনুষ্ঠিত হবে। এর জন্য বসুন্ধরার পরিবর্তে নতুন ভেন্যু নির্ধারিত হয়েছে পুর্বাচল নতুন শহরের চাইনিজ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।

আয়োজক প্রতিষ্ঠান আরও জানায়, সব প্রস্তুতি প্রায় শেষের পথে। দর্শকদের উদ্দেশে একটি সুখবরও দিয়েছে প্রতিষ্ঠানটি। আয়োজক কর্তৃপক্ষ জানায়, কনসার্ট আয়োজনের ব্যয় বেশি হলেও দর্শকের সুবিধার্থে টিকিট মূল্য ৪০ শতাংশ কমিয়েছেন তারা।

এদিকে দর্শকদের যাতায়াত সহজ করতে বিআরটিসির ফ্রি শাটল সার্ভিসের ঘোষণা দিয়েছে আয়োজকরা। দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত পয়েন্ট থেকে বাস চলবে এবং কনসার্ট শেষে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত ফেরার ব্যবস্থাও থাকবে।

কনসার্ট ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হওয়ায় বাড়ানো হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে কনসার্টের পুরো ভেন্যুতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে।

আগামী ১৩ ডিসেম্বর জমকালো গানের আসরের প্রধান আকর্ষণ পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। তবে তার সঙ্গে মঞ্চ মাতাবেন দেশীয় ব্যান্ড নেমেসিস, আজম খান ফিডারস এবং আরও কয়েকজন ফোক শিল্পী।

জানা গেছে, ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ কনসার্টটির আয়োজক মেইন স্টেজ ইনক হলেও এর সহআয়োজক হিসেবে রয়েছে মানবিক উদ্যোগভিত্তিক সংগঠন স্পিরিট অব জুলাই। কনসার্টের মোট মুনাফার ৪০ শতাংশ অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদানের সিদ্ধান্তও নিয়েছে আয়োজকরা।

প্রসঙ্গত, আগামী ১৩ ডিসেম্বর ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ কনসার্টে আতিফ আসলাম অংশ নেয়ার পর জুলাই চেতনার ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ চ্যারিটি কনসার্টে অংশ নেবেন উপমহাদেশের এ জনপ্রিয় সংগীতশিল্পী। এ কনসার্ট আগামী ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading