মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার, প্রতি আসনের জন্য লড়বেন কতজন?

মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার, প্রতি আসনের জন্য লড়বেন কতজন?

উত্তরদক্ষিণ। বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৩:২২

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১৩ হাজার ৫১টি আসনের বিপরীতে আবেদন করেছেন এক লাখ ২২ হাজার ৬৩২ শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য লড়বেন ৯ জনেরও বেশি পরীক্ষার্থী।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বলপয়েন্ট কলম এবং এইচএসসি/সমমান পরীক্ষার প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে হলে প্রবেশ করতে হবে। এর বাইরে কোনো ব্যাগ, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটরসহ ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সকাল ৯টা ৩০ মিনিটে কেন্দ্রের প্রবেশপথ বন্ধ হয়ে যাবে।

লিখিত ভর্তি পরীক্ষা হবে ১০০ মার্কের ১০০টি এমসিকিউ প্রশ্নে—এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী।

বিষয়ভিত্তিক নম্বর বিভাজন:

জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান–প্রবণতা–মানবিক গুণাবলি ১৫। পাশ নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। গত বছরের তুলনায় সময় ১৫ মিনিট বাড়িয়ে এবার পরীক্ষা হবে ১ ঘণ্টা ১৫ মিনিট। প্রতিটি ভুল উত্তরে কাটা যাবে ০.২৫ নম্বর।

ভর্তি আসনের হিসেবে সরকারি মেডিকেল কলেজে রয়েছে মোট ৫ হাজার ৬৪৫টি আসন—এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫। বেসরকারি মেডিকেল কলেজে আসন ৭ হাজার ৪০৬—এর মধ্যে এমবিবিএস ৬ হাজার ১ এবং বিডিএস এক হাজার ৪০৫। সব মিলিয়ে এমবিবিএস আসন ১১ হাজার ১০১ এবং বিডিএস আসন এক হাজার ৯৫০টি।

আবেদনকারীদের মধ্যে এ বছর ছেলে ৪৯ হাজার ২৮ জন এবং মেয়ে ৭৩ হাজার ৬০৪ জন—অর্থাৎ মোট আবেদন এক লাখ ২২ হাজার ৬৩২ জন।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের গুজবে বিভ্রান্ত না হতে সংশ্লিষ্টদের অনুরোধ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই এবং গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা ব্যর্থ হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading