চট্টগ্রামে শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা
উত্তরদক্ষিণ। বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৪:৪৫
চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদের বাবা নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন।
আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌধুরী পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত আলী আহমদের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত নুরুল ইসলাম একজন সিএনজি অটোরিকশাচালক। ঘটনার সময় তিনি ওই এলাকায় এক মাছ ব্যবসায়ীকে আনতে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির পিঠের বাঁ পাশে গুলির চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের ছেলে ও ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমার বাবার শরীরের পেছনে গুলি লেগেছে। তার সিএনজি অটোরিকশায়ও গুলির চিহ্ন দেখা গেছে। আমি এ বিষয়ে পরে কথা বলবো।’
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে নুরুল ইসলাম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তার মরদেহ লোহাগাড়া থানায় রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইউডি/এআর

