‘আগামী নির্বাচন পাঁচ বছরের জন্য, গণভোট শত বছরের জন্য’

‘আগামী নির্বাচন পাঁচ বছরের জন্য, গণভোট শত বছরের জন্য’

উত্তরদক্ষিণ। বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৭:২০

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ও গণভোট দুটিই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য, আর গণভোট শত বছরের জন্য।

বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা প্রদানকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। সব জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা এ সময় অনলাইনে যুক্ত ছিলেন।

প্রধান উপদেষ্টা এ সময় ইউএনওদের উদ্দেশ্যে আরও বলেন, ‘ইতিহাস আমাদের নতুন করে একটি সুযোগ দিয়েছে। অন্য জেনারেশন এই সুযোগ পাবে না। এই সুযোগকে কাজে লাগাতে পারলে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারব, আর যদি না পারি তাহলে জাতি মুখ থুবড়ে পড়বে।’

তিনি বলেন, এর আগেও আমরা নির্বাচন দেখেছি। বিগত আমলে যে নির্বাচনগুলো হয়েছে, যেকোনো সুস্থ মানুষ বলবে এটা নির্বাচন নয়, প্রতারণা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়, বরং একটি ঐতিহাসিক দায়িত্ব। আমরা যদি ভালোভাবে এই দায়িত্বটি পালন করতে পারি, তাহলে আগামী নির্বাচনের দিনটি জনগণের জন্যও ঐতিহাসিক হবে।

উপজেলা নির্বাহী অফিসারদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলেই সরকার তার দায়িত্বটি সফলভাবে পালন করতে সক্ষম হবে।

গণভোটের মাধ্যমে দীর্ঘমেয়াদে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা পাল্টে দেওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি ভোটারদের সচেতন করার ওপর জোর দেন। তিনি বলেন, ভোটারদের বোঝাতে হবে যে আপনারা মন ঠিক করে আসুন—হ্যাঁ-তে দেবেন নাকি না-তে ভোট দেবেন—মন ঠিক করে আসুন।

নতুন দায়িত্বপ্রাপ্ত ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের প্রধান দায়িত্ব হলো একটি শান্তিপূর্ণ ও আনন্দমুখর নির্বাচন আয়োজন করা। তাদের প্রধান কাজ হলো একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করা।

তিনি সবাইকে নির্বাচনের আগেই প্রতিটি পোলিং স্টেশন পরিদর্শন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে মতবিনিময় এবং সব ধরনের প্রস্তুতি মূল্যায়নের নির্দেশ দেন।

অপতথ্য ও গুজব প্রতিরোধ, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সৃজনশীলতা এবং নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের ধাত্রীর সঙ্গে তুলনা করে বলেন, ধাত্রী ভালো হলে জন্ম নেওয়া শিশুও ভালো হয়।

শিগগিরই নির্বাচন তফসিল ঘোষণা হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত কখন, কীভাবে, কোন কাজটি করবেন—তার পরিকল্পনা ও প্রস্তুতি এখন থেকেই নিন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এবং জনপ্রশাসন সচিব মো. এহছানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading