ন্যাশনাল ব্যাংকের ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করবে দুদক
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ০৯:২০
ন্যাশনাল ব্যাংকের ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বসুন্ধরা, শিকদার গ্রুপের শীর্ষস্থানীয় ব্যক্তি, ব্যাংকের কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই মধ্যে কমিশন এই মামলার সিদ্ধান্ত নিয়েছে। দ্রুত মামলাটি দায়ের করা হবে। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বুধবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের ওই তথ্য জানিয়েছেন।
দুদক মহাপরিচালক বলেন, অভিযুক্তরা পরস্পর যোগসাজসে বাংলাদেশ ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের বিধি-বিধান ভঙ্গ করে বসুন্ধরা ইম্পোর্ট এক্সপোর্ট লিমিটেডের অনুকূলে ঋণের নামে ৬০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
অভিযুক্তরা হলেন, বসুন্ধরা ইম্পোর্ট এক্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সাদাত সোবাহান, পরিচালক সাফিয়াত সোবহান, ন্যাশনাল ব্যাংকের পরিচালক ও শিকদার গ্রুপের কর্ণধার রিক হক শিকদার, রন হক শিকদার, ন্যাশনাল ব্যাংকের পরিচালক মনোয়ারা শিকদার, পারভীন হক শিকদার, মোয়াজ্জেম হোসেন, মো. আনোয়ার হোসেন, একেএম এনামুল হক শামীম, ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট হাসিনা সুলতানা, গুলশান শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার আরিফ মো. শহিদুল হক, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট ইন-চার্জ আনিসুল হক, ফরেন এক্সচেঞ্জ বিভাগের সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সুলতানা পারভিন, গুলশান শাখার সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সুবল চন্দ্র রায় ও একই শাখার ভাইস প্রেসিডেন্ট, মোহাম্মদ কামরুল হাসান মিঠু।
তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪২০/৪০৯/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
ইউডি/কেএস

