নেশার টাকার জন্য মায়ের পা ভাঙল ছেলে, মাটিতে পুঁতে গ্রামবাসীর শাস্তি
উত্তরদক্ষিণ। শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৫:০০
নেশার টাকা না পেয়ে নিজের মা খোদেজা খাতুনকে ইট ও লাঠি দিয়ে মারধর করে পা থেঁতলে দেয় খলিল (৩২)। এতে গুরুতর আহত হন মা। পরে মায়ের অভিযোগের ভিত্তিতে ছেলেকে মাটির নিচে অর্ধশরীর পুঁতে রাখে এলাকাবাসী।
যেখানে সন্তান মায়ের ছায়া হয়ে দাঁড়ানোর কথা, সেখানে সেই মায়ের ওপর নেমে আসে সন্তানেরই নির্মম হাত। গাজীপুরের শ্রীপুরে এমন এক হৃদয়বিদারক ও ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হয়েছেন এলাকাবাসী।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, মায়ের চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। দীর্ঘদিনের ক্ষোভ ও অসহায়তা থেকে মায়ের সম্মতি নিয়েই এলাকাবাসী স্থানীয় একটি সড়কের পাশে বুকসমান গর্ত করে খলিলকে কোমর পর্যন্ত পুঁতে রাখে।
প্রায় এক ঘণ্টা পর তিনি নিজে মাটি সরিয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে রাখে। স্থানীয়দের দাবি, আগেও একাধিকবার গ্রাম্য সালিশ ও মুচলেকা দেয়া হলেও খলিলের আচরণে কোনো পরিবর্তন আসেনি। এই ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও নীরব আতঙ্ক বিরাজ করছে। নেশার ভয়াবহতা আর পারিবারিক ভাঙনের এমন দৃশ্য থমকে গেছে টেপিরবাড়ি।
ইউডি/রেজা

