অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে রেকর্ড গড়া জয় বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে রেকর্ড গড়া জয় বাংলাদেশের

উত্তরদক্ষিণ। শনিবার (১৩ ডিসেম্বর) ২০২৫, আপডেট ২১:৫০

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ইতিহাসে রেকর্ড গড়ে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ। আফগানিস্তানকে শনিবার রুদ্ধশ্বাস ম্যাচে তিন উইকেটে হারিয়েছে তারা। এই জয়ে বয়সভিত্তিক টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ লক্ষ্য সফলভাবে তাড়া করার রেকর্ড গড়েছে বাংলাদেশের যুব দল।

দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখার মিশনে নামা বাংলাদেশ গ্রুপ ‘বি’-এর প্রথম ম্যাচেই পায় উড়ন্ত সূচনা। জাওয়াদ আবরার ও রিফাত বেগের উদ্বোধনী জুটিতে আসে ১৫১ রান। জাওয়াদ ৯৬ এবং রিফাত ৬২ রান করে শক্ত ভিত গড়ে দেন। এই গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও নেপাল।

দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৩ রান তোলে আফগানিস্তান। দলের ইনিংসটি মূলত গড়ে দেন ফয়সাল শিনোজাদা। ৯৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া উজাইরুল্লাহ নিয়াজাইয়ের ৪৪ রান এবং শেষদিকে আজিজুল্লাহ মিয়াখিলের অপরাজিত ৩৮ ও আবদুল আজিজের অপরাজিত ২৬ রানে ভর করে লড়াই করার মতো পুঁজি পায় আফগানিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে জাওয়াদ ও রিফাত মিলে ইনিংস কার্যত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। পূর্ণ নিয়ন্ত্রণে থাকা জাওয়াদ সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থাকতে আউট হন। রিফাতও দায়িত্বশীল ব্যাটিং করে দলকে এনে দেন শক্ত অবস্থান।

ওপেনিং জুটি ভাঙার পর অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৪৮ বলে ৪৭ রানের কার্যকর ইনিংস খেলেন। শেষদিকের ছন্দপতন শঙ্কা জাগালেও শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৪৮.৫ ওভারে জয় নিশ্চিত করে আজিজুল হাকিমের দল।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading