তুরস্কের আকাশসীমার কাছে ড্রোন ভূপাতিত

তুরস্কের আকাশসীমার কাছে ড্রোন ভূপাতিত

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৬:৪৫

কৃষ্ণসাগরের আকাশ থেকে তুরস্কের দিকে ধেয়ে আসা একটি অনিয়ন্ত্রিত ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, কৃষ্ণসাগরের দিক থেকে তুর্কি আকাশসীমার দিকে এগিয়ে আসা নিয়ন্ত্রণহীন একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর আগে, গত সপ্তাহে কৃষ্ণসাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করে দিয়েছিল তুরস্ক। এর মাঝেই দেশটির আকাশসীমার দিকে নিয়ন্ত্রণহীন ড্রোনের ঢুকে পড়ার দাবি করা হলো।

গত সপ্তাহে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ইউক্রেনের একাধিক বন্দর ক্ষতিগ্রস্ত হয়। এতে তুরস্কের মালিকানাধীন তিনটি কার্গো জাহাজও ক্ষতির মুখে পড়ে। এ নিয়ে যুদ্ধরত পক্ষগুলোকে সতর্ক করে দেয় তুরস্ক।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ড্রোনটি শনাক্ত হওয়ার পর তুরস্কের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ করা হয়। এ সময় তুর্কি বিমানবাহিনী ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এফ–১৬ যুদ্ধবিমানগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়।

বিবৃতিতে বলা হয়, ড্রোনটি নিয়ন্ত্রণহীন বলে নিশ্চিত হওয়ার পর সেটিকে একটি নিরাপদ এলাকায় ভূপাতিত করা হয়। তবে ড্রোনটির ধরন কিংবা উৎস সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানায়নি তুরস্কের বিমান বাহিনী।

এর আগে, ইউক্রেনের হামলায় কৃষ্ণসাগরে রাশিয়ার তেল রপ্তানির উদ্দেশ্যে যাত্রারত তিনটি ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়। এই হামলার পর ইউক্রেনের বিভিন্ন বন্দরে পাল্টা হামলা চালায় রাশিয়া। পরে কিয়েভের হামলার জবাবে মস্কো ইউক্রেনকে ‘সমুদ্র থেকে বিচ্ছিন্ন’ করে দেওয়ার হুমকি দেয়।

সূত্র: রয়টার্স।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading