তফসিলের পরদিন প্রার্থী গুলিবিদ্ধ হওয়া বিচ্ছিন্ন ঘটনা নয়: আখতার হোসেন
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ২০২৫, আপডেট ২২:৪০
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, তফসিল ঘোষণার পরদিন একজন প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা কোনোভাবেই বিচ্ছিন্ন নয়। হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সহমর্মিতা নয়, বিচার চান বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটর থেকে শহীদ মিনার পর্যন্ত এনসিপি আয়োজিত বিজয় র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন আখতার হোসেন।
তিনি বলেন, “এবারের নির্বাচন শুধু মার্কা বা প্রতীকের নয়, এটি সংসদ ও গণতন্ত্রের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের নির্বাচন। আমরা এই লক্ষ্যেই ভোটের পক্ষে আমাদের প্রচার কার্যক্রম চালিয়ে যাব।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের সমালোচনা করে এনসিপির সদস্য সচিব বলেন, “মহান বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের বিজয়কে নিজেদের বিজয় হিসেবে উপস্থাপন করে ইতিহাস বিকৃতি করেছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে।”
আগ্রাসনবিরোধী এই বিজয় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।
ইউডি/এবি

