জানা গেল একুশে বইমেলার তারিখ

জানা গেল একুশে বইমেলার তারিখ

উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২০:৩৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অমর একুশে বইমেলা নিয়ে শুরু থেকে অনিশ্চয়তা দেখা দেয়। চলতি বছরের ডিসেম্বরে আয়োজনের কথা জানালেও একপর্যায়ে তা স্থগিত করে বাংলা একাডেমি। অবশেষে ভাষার মাসেই হতে যাচ্ছে অমর একুশে বইমেলা।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি জানিয়েছে, বিকেল ৫টায় অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির পরিচালকরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রকাশক প্রতিনিধিরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলার উদ্বোধনের সময় আগামী বছরের ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় নির্ধারণ করা হয়। আর মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

এর আগে ২০২৬ সালের অমর একুশে বইমেলা চলতি বছরের ডিসেম্বরে আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। পরে গত ২৮ সেপ্টেম্বর বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অমর একুশে বইমেলা আয়োজন স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত ২১ সেপ্টেম্বর ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে’ এমন সিদ্ধান্ত হয়। এ প্রেক্ষাপটে বাপুস ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো। প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading