কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২:

রাজধানীর কামরাঙ্গীরচরে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে রোমান (১৫) নামে আহত এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা থানায় মামলা করার পর সাইফুল ইসলাম সাগরকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুরের ৭ নম্বর গলিতে গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রোমান তার বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল। এ সময় সাগর এসে রোমানকে উদ্দেশ্য করে ‘সিনিয়র মান্য না করা’ ও অন্য গলিতে আড্ডা দেওয়ার বিষয়ে প্রশ্ন তোলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সাগর উত্তেজিত হয়ে তার হাতে থাকা ছুরি দিয়ে রোমানের পেটে একাধিকবার, ডান হাতের বাহুতে ও বাম কবজিসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে রোমান গুরুতর আহত হয়। পরে আজ ভোরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, রোমান দুই হাত দিয়ে পেট চেপে ধরলে সাগর তার পিঠে ছুরি ঢুকিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে প্রথমে কামরাঙ্গীরচর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঢামেকে অস্ত্রোপচার করে তার পিঠ থেকে ছুরিটি বের করা হয়। তবে ২০ ডিসেম্বর রাতে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে তাকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোর রোমানের বাবা জালাল ফকির বাদী হয়ে থানায় মামলা করেন। পরে হামলাকারী সাইফুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করা হয়। সে কামরাঙ্গীরচরের সান লাইট কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। তার বাবা পেশায় রিকশাচালক। যেহেতু ওই শিক্ষার্থী এখন মারা গেছে, তাই পূর্বের মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading