শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২২:

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২২ ডিসেম্বর) হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা এ হামলা চালান। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে শিলিগুড়ির বাংলাদেশ ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ভাঙচুরে জড়িত সংগঠনগুলোর মধ্যে রয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর। দিল্লি ও কলকাতার কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দেশের একটি বেসরকারি গণমাধ্যম।

কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত নির্যাতনের প্রতিবাদে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে এসব সংগঠনের প্রায় তিন শতাধিক সদস্য জড়ো হন। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশের ভিসা অফিস ঘেরাও করেন।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ, দীপু দাসের হত্যার বিচার এবং দোষীদের শাস্তির দাবি জানান। পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভিসা অফিসে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং প্রতিবাদস্বরূপ অফিস বন্ধ রাখার দাবি জানায়।

প্রতিনিধিদলের এক সদস্য ডিইউডিজিটালের এক কর্মকর্তাকে ফোন করে ভিসা অফিসের তালা না খুলতে অনুরোধ জানান। একই সঙ্গে বাংলাদেশের ভিসাসংক্রান্ত ব্যানার ও সাইনবোর্ড সরিয়ে নেওয়ার দাবি তোলেন। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চললে এখানে বসে ব্যবসা করতে দেওয়া হবে না।

পরে ওই প্রতিনিধি স্থানীয় গণমাধ্যমকে জানান, বিষয়টি তারা কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে জানাবেন। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে কেউ বাংলাদেশে ভ্রমণ বা ব্যবসা না করে—এমনটাই তারা চান।

কলকাতা থেকে একটি কূটনৈতিক সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনা করে সোমবার দুপুর তিনটার আগেই ডিইউডিজিটাল শিলিগুড়ির ভিসা কেন্দ্রটি বন্ধ করে দেয়। পরিস্থিতি পর্যবেক্ষণের পর কেন্দ্র পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ঘটনার পর শিলিগুড়ির ভিসা কেন্দ্রের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কলকাতা দপ্তরে কূটনৈতিক পত্র পাঠিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপহাইকমিশন।

এদিকে একই দিনে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনও সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading