ট্যুরিস্ট পুলিশের সহায়তায় ক্ষতিপূরণসহ ২ লাখ টাকা পেলেন পর্যটকেরা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১২:৩০
সেন্ট মার্টিনে ভ্রমণের টিকিট দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ ভুক্তভোগী পর্যটকেরা ফেরত পেয়েছেন। ট্যুরিস্ট পুলিশের সহায়তায় ক্ষতিপূরণসহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে ২ লাখ ৩০ হাজার টাকা। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) রাতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৯ ডিসেম্বর পঞ্চগড় থেকে ভ্রমণে আসা শিক্ষার্থীদের একটি দল সেন্ট মার্টিন যেতে জাহাজের টিকেটের জন্য ‘ট্যুর প্লাস’ নামের একটি ট্যুর অপারেটর প্রতিষ্ঠানে ১ লাখ ৫৪ হাজার টাকা দেন। তবে প্রতিষ্ঠানটির মালিক ইদ্রিস মিয়া ২১ ডিসেম্বর পর্যন্ত বারবার আশ্বাস দিয়েও টিকেট প্রদান না করে পর্যটকদের হয়রানি করতে থাকেন।
পর্যটকদের অভিযোগ পেয়ে ট্যুর প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে আটক হয় জানিয়ে আপেল মাহমুদ বলেন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের মাধ্যমে সমঝোতার ভিত্তিতে টিকেটের ১ লাখ ৫৪ হাজার টাকা এবং দুই দিন যাবৎ অতিরিক্ত থাকা-খাওয়ার ব্যয় বাবদ ৭৬ হাজার টাকাসহ মোট ২ লাখ ৩০ হাজার টাকা পর্যটকদের ফেরত দেওয়া হয়।
পর্যটকদের অনুরোধে আটক ব্যক্তিদের পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলেও এমন অপরাধের জন্য সংশ্লিষ্ট ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের সুপারিশ করে কক্সবাজার জেলা প্রশাসক এবং ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন বরাবর পত্র পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ভুক্তভোগী পর্যটক মোহাম্মদ সাজ্জাদ বলেন, আমাদের মাদরাসার ৪৫ জন শিক্ষার্থী একসাথে কক্সবাজার ভ্রমণে আসি। টিকেটের টাকা দেওয়ার পরও সেন্টমার্টিন যেতে পারিনি। পরে ঢাকা পোস্টের একটি প্রতিবেদন পড়ে ট্যুরিস্ট পুলিশের হেল্পলাইন নম্বর (০১৩২০১৬০০০০) পাই। সেখানে যোগাযোগ করলে তারা আমাদের সহযোগিতা করেন।
সাজ্জাদসহ ভুক্তভোগী পর্যটকেরা ট্যুরিস্ট পুলিশের ভূমিকার প্রশংসা করে কৃতজ্ঞতা জানিয়েছেন।
ইউডি/রেজা

