দেশে ফিরেই মাকে দেখতে যাবেন তারেক রহমান, পরে দলীয় সংবর্ধনায়

দেশে ফিরেই মাকে দেখতে যাবেন তারেক রহমান, পরে দলীয় সংবর্ধনায়

উত্তরদক্ষিণ। বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৪:১০

রাজধানীর তিনশ’ ফুটে দলের আগে নয়, হাসপাতালে চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করে সেখানে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরার পর সংবর্ধনায় যোগ দিয়ে পরে মায়ের সঙ্গে তিনি দেখা করতে যাবেন এমনটা শোনা গেলেও বিএনপির পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশে ফিরে আগে তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন। সেখান থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান।’

সালাহউদ্দিন বলেন, ‘২৬ তারিখ বাদ জুমা বাসা থেকে বের হয়ে প্রথমে যাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে, তারপর সাভার স্মৃতিসৌধে যাবেন। ২৭ তারিখ নির্বাচন কমিশনে ভোটার ও এনআইডি কার্ড কার্যক্রম সম্পন্ন করে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর পঙ্গু হাসপাতালে জুলাইয়ের আহত যোদ্ধাদের দেখতে যাবেন।’

মানুষের দুর্ভোগ যেন না হয়, তাই সোহরাওয়ার্দী উদ্যানে কিংবা মানিক মিয়া এভিনিউয়ের মতো রাজধানীর কেন্দ্রে অভ্যর্থনা অনুষ্ঠান করা হয়নি উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা চান সাধারণ মানুষের অসুবিধা ও কষ্টের জন্য। যা মানুষের দুর্ভোগের কারণ হয়, তারেক রহমান তা পছন্দ করেন না। নির্দেশনা পালনের শতভাগ চেষ্টা করার পরও মানুষের আবেগের কারণে এ অনুষ্ঠান।’

বিএনপির এ নেতা বলেন, ‘ইতিহাস হতে চলেছে, যার সাক্ষী হয়ে থাকবে দেশবাসী। তবে এতো বড় অনুষ্ঠান ত্রুটিহীন করা ক্ষুদ্র কমিটির পক্ষে সম্ভব নয়। তাই শৃঙ্খলার সঙ্গে আয়োজনকে সফল করার আহ্বান জানাই। এবং এ আয়োজনে জনদুর্ভোগ হবে, জাতির কাছে এ বিষয়ে আগাম দুঃখ প্রকাশ করছি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading