শরিকদের সঙ্গে বিএনপির সমঝোতা, প্রার্থীরা কে কোন আসনে লড়বেন

শরিকদের সঙ্গে বিএনপির সমঝোতা, প্রার্থীরা কে কোন আসনে লড়বেন

উত্তরদক্ষিণ। বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২:৪০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘যুগপৎ’ আন্দোলনের শরিক সাতটি দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আরও আটটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব আসনের তালিকা ঘোষণা করেন।

ঘোষিত সমঝোতা অনুযায়ী—বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) নেতা মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ আসনে ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রার্থী হবেন।

বিএনপি জানিয়েছে, যেসব আসনে শরিকদের সঙ্গে সমঝোতা হয়েছে, সেখানে দলটি নিজস্ব কোনো প্রার্থী দেবে না। একই সঙ্গে শরিক দলগুলো কেবল নির্ধারিত আসনেই প্রার্থী দেবে—অন্য কোথাও নয়। এছাড়া শরিকদের বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করাকে দলটি বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানানো হয়। উল্লেখ্য, বিএনপি ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন করে এবং ২০১৮ সালে অংশ নিলেও পুরোপুরি মাঠে থাকতে পারেনি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দীর্ঘদিনের রাজনৈতিক দমন-পীড়নের পর এবার মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা বেড়ে যাওয়ায় আসন সমঝোতার ক্ষেত্রে সতর্ক সিদ্ধান্ত নিচ্ছে দলটির শীর্ষ নেতৃত্ব।এর আগে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা নিজ নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন। শাহাদাত হোসেন সেলিমকে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। কিশোরগঞ্জ-৫ আসনে সৈয়দ এহসানুল হুদার প্রার্থিতার বিষয়েও বিএনপি ইতিবাচক অবস্থানে রয়েছে।এ পর্যন্ত বিএনপি দুই দফায় ২৭২টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে।

বাকি ২৮টি আসনে সমঝোতার মাধ্যমে শরিকদের প্রার্থী চূড়ান্ত করা হবে। এর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন দেওয়া হয়েছে। পাশাপাশি এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসনে প্রার্থী হবেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading