লোক বদলালেই দেশ বদলাবে না, সিস্টেম বদলাতে হবে : তথ্য উপদেষ্টা
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৯:৩৫
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শুধু লোক পরিবর্তন করলেই দেশ বদলে যাবে না, প্রয়োজন পুরো সিস্টেমের পরিবর্তন করতে হবে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তথ্য উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় হেলিকপ্টার বা কাঁদানে গ্যাস ব্যবহারের প্রশ্ন উঠলেও বাস্তব পরিস্থিতিতে সেগুলো ব্যবহার করা সম্ভব ছিল না।
হেলিকপ্টারের বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল এবং কাঁদানে গ্যাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারত। ওই সময় সরকারের প্রধান লক্ষ্য ছিল আগুনের মধ্যে আটকে পড়া ২৮ জনকে নিরাপদে উদ্ধার করা।
প্রথম দফায় আগুন নিয়ন্ত্রণে এলেও দ্বিতীয় দফার আগুন পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক করে তোলে। ভোর ৪টা ৩৭ মিনিটে ছাদ থেকে আটকে পড়াদের নিরাপদে নামানো সম্ভব হয়।তিনি আরও বলেন, সরকার হিসেবে এ ঘটনায় আমরা নির্লিপ্ত নই। গণমাধ্যমের যে ক্ষতি হয়েছে, তার পাশাপাশি সরকারেরও বড় ধরনের ক্ষতি হয়েছে।
এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। এটি আমাদের প্রত্যাশার বাইরে ছিল। যারা আগুন লাগায় বা ককটেল বিস্ফোরণ ঘটায়, তারা সবাই আমাদের অভিন্ন প্রতিপক্ষ। সহিংসতার মাধ্যমে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ভিন্ন মত থাকতেই পারে। কারও কোনো সংবাদমাধ্যম পছন্দ না হলে অন্য মতের পত্রিকা বা মাধ্যমকে জনপ্রিয় করা যেতে পারে। কিন্তু সহিংসতার পথ বেছে নেওয়া কোনো সমাধান নয়।
তিনি উল্লেখ করেন, জুলাই মাসে প্রথম আলো, ডেইলি স্টার ও নিউ এজ আন্দোলনের খবর প্রকাশ করেছে এবং টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে চ্যানেল টুয়েন্টিফোর ও যমুনা সে সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তথ্য উপদেষ্টা বলেন, আমাদের আত্মসমালোচনা ও আত্মমূল্যায়ন জরুরি। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি লক্ষ্য করেছেন, প্রায় প্রতিটি মানুষই কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শের সঙ্গে যুক্ত। তবে নতুন বাংলাদেশ গড়তে হলে পেশাগত দায়িত্ব পালনের সময় রাজনৈতিক মতাদর্শের প্রভাব রাখা যাবে না।
গণতন্ত্র ও গণমাধ্যম একে অপরের পরিপূরক—এ দুটিকে বিচ্ছিন্ন করার সুযোগ নেই।তিনি বলেন, যারা ভয়ভীতি দেখাচ্ছে বা সহিংসতার পথ বেছে নিচ্ছে, তারা আমাদের সবার কমন প্রতিপক্ষ। এই প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে পেশাদারত্বের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।
তিনি আরও বলেন, ভেঙে পড়া একটি ব্যবস্থার মধ্য দিয়েই বর্তমান সরকার প্রশাসন পরিচালনা করছে এবং এ ক্ষেত্রে সংকট ব্যবস্থাপনায় সরকারের বড় ভূমিকা পালন করতে হয়েছে। তবে এই যাত্রায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না।
ইউডি/এআর

