শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১১:১০

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন জুবায়ের রহমান চৌধুরী।

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আইন সচিব লিয়াকত আলী মোল্লার স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে।

১৯৮৫ সালে জুবায়ের রহমান চৌধুরী জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। এর দুই বছর পর তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হন।

২০২৪ সালের ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম করেন। পরে যুক্তরাজ্যে থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম করেন।

গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে ড. সৈয়দ রেফাত আহমেদ ২০২৪ সালের ১১ আগস্ট শপথ নেন। সংবিধান অনুযায়ী অবসরের বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ায় শনিবার (২৭ ডিসেম্বর) তিনি অবসর গ্রহণ করেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading