এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার

এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১০:৩৬

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়তে শুরু করেছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, এভারকেয়ার হাসপাতালের সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করছেন। হাসপাতালের মূল ফটক ও আশপাশের এলাকায় ব্যারিকেড বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে অনেক বিএনপি নেতাকর্মী হাসপাতাল প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করেন। তবে নিরাপত্তাজনিত কারণে পুলিশ তাদের ভেতরে প্রবেশ করতে দেয়নি। হাসপাতালের সামনে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়, অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।

এর আগে মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ থাকলেও শারীরিক অবস্থা অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading