জিয়া উদ্যানে শুরু হয়েছে খালেদা জিয়ার কবর খননের কাজ

জিয়া উদ্যানে শুরু হয়েছে খালেদা জিয়ার কবর খননের কাজ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২০:৪০

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যান এলাকায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা থেকে তার কবর খননের কাজ শুরু হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, বুধবার জানাজা শেষে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে।

বিকেল থেকেই জিয়া উদ্যান এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি বাড়তে থাকে। নির্ধারিত স্থানে শ্রমিকরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কবর খননের প্রস্তুতি নেন। দাফন প্রক্রিয়া সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা জোরদার করতে দেখা গেছে।

এর আগে, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। বিএনপির পক্ষ থেকে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, আগামীকাল দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর মরদেহ নিয়ে আসা হবে জিয়া উদ্যানে। জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। দাফন প্রক্রিয়া শেষে দলের পক্ষ থেকে মোনাজাত ও পরবর্তী কর্মসূচির বিস্তারিত জানানো হবে। খালেদা জিয়ার প্রয়াণে শুধু বিএনপি নয়, পুরো রাজনৈতিক অঙ্গনেই এখন বিরাজ করছে গভীর স্তব্ধতা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading