নির্বাচনের আগে বিশ্ব ইজতেমা না করার নির্দেশ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২৩:২০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নের স্বার্থে নির্বাচন-পূর্ব সময়ে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এই নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ মহাপরিদর্শককে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ২–৪ জানুয়ারি খুরুজের জোড় এবং ২২–২৪ জানুয়ারি ‘বিশ্ব ইজতেমা–২০২৬’ আয়োজনের অনুরোধ জানানো হয়েছিল।
তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পাদনের লক্ষ্যে যাচিত সময়সূচি অনুযায়ী নির্বাচন-পূর্ব সময়ে খুরুজের জোড় ও বিশ্ব ইজতেমাসহ ওই মাঠে কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ মহাপরিদর্শককে অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, জাতীয় গুরুত্বপূর্ণ এই নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতির বিষয়টি বিবেচনায় রেখে টঙ্গী ইজতেমা ময়দান নির্বাচনকালীন সময়ে সমাবেশমুক্ত রাখা প্রয়োজন।
এ বিষয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে জানায়, নির্বাচনের পর ইজতেমা করা যাবে।
ইউডি/এআর

