৪৮ ঘণ্টার মধ্যে জাপাকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি

৪৮ ঘণ্টার মধ্যে জাপাকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬, আপডেট ২১:৪০

জাতীয় পার্টিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনের অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে ‘মঞ্চ-২৪’। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জাতীয় পার্টির সারা দেশে ২২৪টি আসনে মনোনয়নপত্র দাখিলের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগ এককভাবে নয়, বরং জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের মাধ্যমে বাকশালী মুজিববাদী শাসন কায়েম ছিল। আওয়ামী লীগ যে পরিমাণ মানবতাবিরোধী অপরাধ করেছে, সেই একই অপরাধের দায় জাতীয় পার্টিকেও নিতে হবে। বিচারের প্রশ্নে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই।

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও তাদের প্রধান সহযোগী জাতীয় পার্টির কার্যক্রম এখনো বন্ধ করা হয়নি। জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী বা বাকশালী রাজনৈতিক শক্তির রাজনীতি করার সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, হাসিনা আমলে অনুষ্ঠিত প্রতিটি প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একই ভূমিকা পালন করেছে। জনগণের ভোটাধিকার হরণে জড়িত কোনো দল বা জোট জুলাই পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না।

ফারুকী জানান, জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের গণহত্যার সঙ্গে সহযোগীদের বিরুদ্ধে সরকারকে ইতোমধ্যে দুই দফা উকিল নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি নোটিশ দিয়েছে এনসিপির এক নেতা এবং আরেকটি জুলাই ঐক্যের পক্ষ থেকে। সংগঠনটির দাবি, ৪৮ ঘণ্টার মধ্যে এসব দলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ না করলে জুলাই গণআন্দোলনের সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হবে।

মঞ্চ-২৪ আহ্বায়ক বলেন, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের মতোই জাতীয় পার্টির বিরুদ্ধেও শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading