সাকিবের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক মোস্তাফিজের
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬, আপডেট ২২:০০
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে রেকর্ড গড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। নিজের করা প্রথম ওভারেই সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে আউট করে টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের মধ্যে দ্রুততম ৪০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।
এর আগে সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ৪০০ উইকেটের মাইলফলকে পৌঁছেছিলেন সাকিব আল হাসান। এবার সেই তালিকায় নাম লেখালেন মোস্তাফিজ।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ড অবশ্য এখনও সাকিব আল হাসানের দখলে। ৪৬৮ ম্যাচে তার শিকার ৫০৭ উইকেট।
টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় সাকিব আল হাসানের অবস্থান পাঁচ নম্বরে। অন্যদিকে মোস্তাফিজুর রহমান রয়েছেন সেরা দশে।
এই তালিকায় শীর্ষে আছেন আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান। ৫০৭ ম্যাচে তিনি নিয়েছেন সর্বোচ্চ ৬৮৫টি উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো, যার উইকেট সংখ্যা ৬৩১।
তিন নম্বরে আছেন আরেক ক্যারিবীয় তারকা সুনীল নারিন। তার ঝুলিতে রয়েছে ৬০৮টি উইকেট। আর ৫৭০ উইকেট নিয়ে চার নম্বরে অবস্থান দক্ষিণ আফ্রিকার লেগ-স্পিনার ইমরান তাহির।
ইউডি/এআর

