যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
উত্তরদক্ষিণ। শনিবার, ০৩ জানুয়ারি , ২০২৬, আপডেট ২৩:০৫
যশোর সদর উপজেলায় বিএনপির এক নেতাকে গুলি করে খুন করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে উপজেলার শংকরপুর এলাকায় সাবেক পৌর কাউন্সিলর শাহেদ হোসেন নয়নের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানান যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (অপরেশন্স) মোমিনুল হক।
নিহত আলমগীর হোসেন (৫৫) শংকরপুর ইসাহাক সড়ক এলাকার প্রয়াত ইন্তান চৌধুরীর ছেলে। তিনি যশোর নগর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ পরিদর্শক মোমিনুল হক বলেন, সন্ধ্যায় আলমগীর শংকরপুর বটতলা থেকে মোটরসাইকেলে গন্তব্যে যাওয়ার পথে গোলপাতা মসজিদ এলাকায় তাকে গুলি করা হয়। গুলিটি তার মাথার বাম পাশে বিদ্ধ হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা বিচিত্র মল্লিক বলেন, আলমগীর হোসেনকে মৃত অবস্থায় হাসাপাতালে আনা হয়। পরে লাশ মর্গে পাঠানো হয়।
আলমগীর হোসেনের বড় ভাই জাহাঙ্গীর হোসেন বলেন, আলমগীর সাবেক পৌর কাউন্সিলর নয়নের কার্যালয়ের সামনে গেলে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল থেকে গুলি তাকে করা হয়। এতে আলমগীর মোটরসাইকেল থেকে পড়ে যান।
আলমগীর জমি কেনাবেচার ব্যবসা করতেন বলে জানান তিনি।
যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক বলেন, আলমগীর ৭ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
ইউডি/এআর

