ট্রাইব্যুনালে সালমান-আনিসুল, অভিযোগ গঠনের শুনানি আজ

ট্রাইব্যুনালে সালমান-আনিসুল, অভিযোগ গঠনের শুনানি আজ

উত্তরদক্ষিণ। রবিবার, ০৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ১২:৩৫

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি আজ রবিবার (৪ জানুয়ারি)। এদিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন না করার জন্য বা তাদের অব্যাহতি দিতে শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবী।

আজ সকাল ১০টার পর আদালতের আদেশ অনুযায়ী কারাগারে থাকা আনিসুল হক ও সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

রবিবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হবে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থান চলাকালীন কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানি দেওয়াসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ চান চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। গত ২২ ডিসেম্বর চিফ প্রসিকিউটর অভিযোগ গঠন করে ট্রাইব্যুনালে বিচার শুরুর আবেদন জানান।

ট্রাইব্যুনালে সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী। এই মামলায় পরবর্তী শুনানির জন্য ট্রাইব্যুনাল ৪ জানুয়ারি দিন ধার্য করেন।

এর আগে, গত ৪ ডিসেম্বর এই মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগটি আমলে নেন ট্রাইব্যুনাল-১। রাষ্ট্রপক্ষ জানায়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় ফোনালাপ করেন আনিসুল হক ও সালমান এফ রহমান। সেই ফোনালাপের এক পর্যায়ে ‘কারফিউ চলাকালে আন্দোলনকারীদের শেষ করে দিতে হবে’— বলেন তারা।

তাদের এ বক্তব্যের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। তাদের এই বক্তব্য হত্যাকাণ্ডে উসকানি হিসেবে কাজ করেছে বলে অভিযোগ প্রসিকিউসনের।

ইউডি/করিম

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading