ঢাকা-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট স্থগিত
উত্তরদক্ষিণ। রবিবার, ০৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৯:৪
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা–ম্যানচেস্টার–ঢাকা রুটের সব ফ্লাইট ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
রোববার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম পরিচালনা, বিদ্যমান উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিত করার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা–ম্যানচেস্টার রুটের যাত্রীদের জন্য বিকল্প হিসেবে ঢাকা–লন্ডন–ঢাকা রুটে ফ্লাইট, তারিখ পরিবর্তন এবং টিকিট রিফান্ডের সুবিধা দেওয়া হবে। যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) বা অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, সাময়িক এই অসুবিধার জন্য তারা যাত্রী ও সংশ্লিষ্টদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। ঢাকা–ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালু হলে তা সময়মতো জানানো হবে।
ইউডি/এআর

