কী ঘটতে যাচ্ছে মাদুরোর ভাগ্যে?
উত্তরদক্ষিণ। রবিবার, ০৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ২০:০০
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তার বেডরুম থেকে আটকের পর রাজধানী কারাকাস থেকে একটি মার্কিন হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়। পরে তাকে আমেরিকার যুদ্ধজাহাজ ইউএসএস আইও জিমা’য় তোলা হয়।
সেখানে তোলা একটি ছবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করেন। এরপর কিউবা হয়ে মাদুরোকে আমেরিকার নিউইয়র্কে নেওয়া হয়।
নিউইয়র্কে পৌঁছানোর পর তাকে আমেরিকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ-এর দপ্তরে নেওয়া হয়।
একটি ভিডিওতে দেখা যায়, মাদুরো আমেরিকার পৌঁছানোর পর ডিইএ কর্মকর্তাদের পাহারায় দপ্তরের ভেতরে হেঁটে যাচ্ছিলেন।
পরবর্তীতে তাকে ম্যানহাটনের ডিইএ অফিস থেকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে আদালতে হাজির করার কথা রয়েছে। সোমবারই তাকে আদালতে তোলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মাদুরোকে মাদক সম্রাট হিসেবে আখ্যা দেওয়া হলেও তিনি এ অভিযোগ অস্বীকার করে আসছিলেন। সূত্র: বিবিসি
ইউডি/এআর

