সরকারে গেলে প্রধানমন্ত্রী কে হবেন, যা জানালেন আখতার
উত্তরদক্ষিণ। রবিবার, ০৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ২১:৫৫
জোটের আসন ভাগাভাগি এবং এই জোট সরকার গঠনের সুযোগ পেলে প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে এখনো আলোচনা চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আখতার বলেন, আসন বিন্যাসের বিষয়ে আমাদের মধ্যে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের আহ্বায়ক আগেই জানিয়েছেন এটি আদর্শিক জোট নয়, নির্বাচনী সমঝোতা৷
তিনি বলেন, যারা পদত্যাগ করেছেন, তাদের বিষয়টি আমাদের আহত করেছে। তারা পদত্যাগপত্র দিয়েছেন। কিন্তু আমরা তা এখনো অফিশিয়ালি গ্রহণ করিনি। তাদের সঙ্গে আলোচনা চলছে।
এনসিপির সদস্য সচিব বলেন, যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাই। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেয়া স্বৈরাচারকে পুনর্বাসনের জন্য এজেন্সির খেলা।
এ সময় ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের বিষয়ে আখতার বলেন, ভেনেজুয়েলার ঘটনা আন্তর্জাতিক রীতিনীতি বহির্ভূত৷ পৃথিবীর প্রতিটি দেশকেই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিৎ।
ইউডি/এআর

