অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে যা বললেন ইসি সানাউল্লাহ

অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে যা বললেন ইসি সানাউল্লাহ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৬ জানুয়ারী, ২০২৬, আপডেট ২০:২০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারকে অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, নির্বাচনের পরিবেশ নিরাপদ রাখতে এবং সহিংসতা রোধে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সেলের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, ‘নির্বাচনের আগে যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্রের ব্যবহার না হয়, সে জন্য অবৈধ অস্ত্র উদ্ধার অত্যন্ত জরুরি।’তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন থানা ও পুলিশ ইউনিট থেকে লুট হওয়া অস্ত্রের একটি উল্লেখযোগ্য অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

তার ভাষ্য অনুযায়ী, ওই সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ১৫ শতাংশ এবং গুলির ৩০ শতাংশ এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

রোহিঙ্গা ইস্যুতে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেন নির্বাচন কমিশনার।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলো আরও কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং প্রয়োজনে সিল করে দিতে হবে। একই সঙ্গে স্থলসীমান্ত ও সাগরপথে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, ‘যাতে কোনোভাবেই দুষ্কৃতকারীরা এসব অস্ত্র ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করা না গেলে এর পরিণতি সবাইকে ভোগ করতে হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি, পুলিশ বক্স ও অন্যান্য পুলিশ ইউনিটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসব ঘটনায় মোট ৫ হাজার ৭৫৩টি আগ্নেয়াস্ত্র লুট হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading