ইন্ডিয়ান দূতাবাস অভিমুখে মার্চ: এনসিপি নেতাকর্মীদের আটকে দিলো পুলিশ
উত্তরদক্ষিণ। বুধবার, ০৭ জানুয়ারী, ২০২৬, আপডেট ১৭:২৫
সীমান্তে ফেলানী হত্যার ১৫ বছর উপলক্ষে ইন্ডিয়ান দূতাবাস অভিমুখে আধিপত্যবাদবিরোধী মার্চ কর্মসূচি পালন করছে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর বাঁশতলায় ইন্ডিয়ান দূতাবাসের সামনের রাস্তায় এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার প্রায় ১০০ জন সদস্য এই মার্চ নিয়ে আসেন।
দেখা যায়, মার্চটি বাঁশতলায় পৌঁছালে পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে আটকে দেন। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন।
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ’, ‘কাঁটাতারের ফেলানী, আমরা তোমাকে ভুলিনি’, ‘ওয়ান-টু-থ্রি-ফোর, ইন্ডিয়া নো মোর’, ‘এক-দুই-তিন-চার, ইন্ডিয়া তুই হুঁশিয়ার’, ‘ভারতের গোলামি চলবে না, চলবে না’ সহ নানা স্লোগান দিতে থাকেন এনসিপি নেতাকর্মীরা।
এ সময় মার্চ থেকে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগের শাসনামলে ইন্ডিয়া বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে হস্তক্ষেপ করে এ দেশের মানুষের ভোটাধিকার ও মানবাধিকার লঙ্ঘন করেছে। হাদি ভাইকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। বাংলাদেশে নগ্নভাবে হস্তক্ষেপের জন্য আন্তর্জাতিকভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গুম-খুনের সঙ্গে জড়িত সব কর্মকর্তাকে বিচারের আওতায় আনতে হবে।
তারা আরও বলেন, এখনো বিএসএফ বাংলাদেশিদের হত্যা করছে। সারা বিশ্বের মধ্যে ইন্ডিয়া-বাংলাদেশ সীমান্তে এমন হত্যাকাণ্ড বেশি ঘটছে। আগামী নির্বাচন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। এই নির্বাচনে ওয়াশিংটন, মস্কো, বেইজিং কিংবা দিল্লির কোনো হস্তক্ষেপ আমরা মানব না।
ইউডি/রেজা

