বৈষম্যবিরোধী আন্দোলনে লিজা হত্যা মামলার আসামি গ্রেফতার
উত্তরদক্ষিণ। বুধবার, ০৭ জানুয়ারী, ২০২৬, আপডেট ১:৪০
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শান্তিনগর এলাকায় লিজা আক্তারকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় মাহতাব হোসেন রুদ্র (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিট ও এলআইসি শাখার একটি যৌথ অভিযানিক টিম। গ্রেফতার রুদ্র কুড়িগ্রামের উলিপুরের রামেশ্বর শর্মা গ্রামের কহিদুর রহমানের ছেলে।
আহত অবস্থায় লিজাকে হাসপাতালে নেয়া হলে ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই তার মৃত্যু হয়। পরবর্তীতে এই ঘটনায় রমনা মডেল (ডিএমপি) থানায় মামলা হয়। এ মামলায় মাহতাব হোসেন রুদ্রকেও আসামি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনার দিন রুদ্র স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তফা জামান পপিসহ হেলমেট পরিহিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করে আন্দোলন দমনে সহিংস কর্মকাণ্ডে অংশ নেন। ঘটনার পর থেকে মাহতাব আত্মগোপনে ছিলেন।
মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় সিআইডি।
ইউডি/এআর

