তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

উত্তরদক্ষিণ। বুধবার, ০৭ জানুয়ারী, ২০২৬, আপডেট ১৯:২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এর আগে, মঙ্গলবার (৬ জানুয়ারি) তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

ওই বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ইইউর পর্যবেক্ষক দল পাঠানোসহ দুই পক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে—এই প্রত্যাশা থেকেই ইইউ এবার বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে।

তিনি বলেন, ইইউ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। নির্বাচন, বিএনপির ভূমিকা এবং নির্বাচন-পরবর্তী উন্নয়ন ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।নজরুল ইসলাম খান আরও জানান, দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি বিএনপির দীর্ঘদিনের। নির্ধারিত সময়েই শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হওয়া প্রয়োজন—এ বিষয়ে বিএনপির প্রতিশ্রুতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুনর্ব্যক্ত করেছেন।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading