পাসপোর্ট অ্যানডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ

পাসপোর্ট অ্যানডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬, আপডেট ০৯:০০

বিদেশগামী যাত্রীদের সেবামূল্য সুনির্দিষ্ট করতে এবং অতিরিক্ত অর্থ আদায় বন্ধে মানি চেঞ্জারদের মাধ্যমে পাসপোর্ট অ্যানডোর্সমেন্ট করার সর্বোচ্চ ফি ৩০০ টাকা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৭ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, বিদ্যমান ‘বৈদেশিক মুদ্রা লেনদেন নির্দেশিকা (জিএফইটি)-২০১৮’ অনুযায়ী, লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা বিদেশে গমনকারী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ভ্রমণ কোটার বিপরীতে বৈদেশিক মুদ্রা, নোট, কয়েন ও ট্রাভেলার্স চেক (টিসি) বিক্রি করতে পারে। প্রতিটি বিক্রির তথ্য সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট ও বিমান টিকেটে যথাযথভাবে লিপিবদ্ধ (অ্যানডোর্সমেন্ট) করা এবং মানি চেঞ্জারের অনুমোদিত ব্যক্তির সিল ও স্বাক্ষর থাকা বাধ্যতামূলক।

এই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং গ্রাহকদের কাছ থেকে খেয়ালখুশি মতো চার্জ আদায় বন্ধে বাংলাদেশ ব্যাংক কয়েকটি নতুন নির্দেশনা দিয়েছে-অ্যানডোর্সমেন্ট ফি হিসেবে সর্বোচ্চ ৩০০ টাকা নেওয়া যাবে। বৈদেশিক মুদ্রার পরিমাণ যা-ই হোক না কেন, এই সীমার বেশি অর্থ আদায় করা যাবে না। প্রতিটি মানি চেঞ্জারকে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে এই অ্যানডোর্সমেন্ট ফি-র চার্ট বা তালিকা প্রদর্শন করতে হবে। গ্রাহকের কাছ থেকে ফি সংগ্রহের পর অবশ্যই তাকে একটি লিখিত রসিদ প্রদান করতে হবে। অডিট এবং নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনে প্রতিটি প্রতিষ্ঠানকে এই ফির সঠিক হিসাব এবং নথিপত্র সংরক্ষণ করতে হবে।

বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের পরিচালক মনোয়ার উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়েছে, নতুন এই নিয়ম অবিলম্বে কার্যকর হবে।তবে বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading