১৮ জানুয়ারি কক্সবাজার ও চট্টগ্রামে যাবেন তারেক রহমান
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ২০২৬, আপডেট, ২৩:২০
প্রায় দুই দশক পর চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১৮ জানুয়ারি বিকেলে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য চট্টগ্রাম নগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।
ওই রাতে চট্টগ্রামেই থাকবেন তারেক রহমান। তবে এই সফরে তার কোনো রাজনৈতিক কর্মসূচি এখন পর্যন্ত নেই।
চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “১৮ জানুয়ারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার যাবেন। সেখানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।”
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম নিহত হন। তার বাড়ি কক্সবাজার জেলার পেকুয়ায়।
তারেক রহমান কক্সবাজার থেকে সড়কপথে চট্টগ্রাম আসবেন জানিয়ে নাজিমুর রহমান জানান, “দোয়া মাহফিল আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি। জমিয়তুল ফালাহ মসজিদের মাঠে ১৮ জানুয়ারি বিকেলে দোয়া মাহফিলে তিনি অংশ নেবেন।
ইউডি/এবি

