ঢাবির শেখ পরিবারের নামের ৫ স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত

ঢাবির শেখ পরিবারের নামের ৫ স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৯ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৫:০৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলসহ শেখ পরিবারের সদস্যদের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের বিষয়টি সিনেটের সভায় তোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) লিখিত অনুরোধ এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অন্যান্য সভার সিদ্ধান্তের পর বিষয়টি সিন্ডিকেট সভায় উত্থাপন করা হয়। সভায় নাম পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়েছে।”

তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী স্থাপনার নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার সিন্ডিকেটের নেই। এ সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সভায়। সে কারণে বিষয়টি সিনেটের সভায় পাঠানো হবে এবং সেখানেই নাম পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

প্রসঙ্গত, শেখ পরিবারের সদস্যদের নামে থাকা ঢাবির পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্তের মধ্যে রয়েছে দুটি আবাসিক হল; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। এছাড়া, একটি হোস্টেল ও দুটি স্টাফ কোয়ার্টার রয়েছে। এগুলো হলো শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার এবং সুলতানা কামাল হোস্টেল। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ‘শহীদ ওসমান হাদী হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘ক্যাপ্টেন সেতারা বেগম হল’ করার প্রস্তাব করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading