মতপার্থক্য থাকলেও মতবিরোধ যেন না হয়: তারেক রহমান
উত্তরদক্ষিণ। শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, আপডেট ১৭:১০
গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকলেও মতবিরোধ যেন না হয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শনিবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠান শুরু হয়। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, দেশের মানুষ স্বপ্ন দেখছে। সব আশা একসঙ্গে পূরণ করা সম্ভব নাও হতে পারে, তবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক হয়ে কাজ করলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
আওয়ামী ফ্যাসিবাদের পতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রতিশোধ ও প্রতিহিংসা কীভাবে একটি দল বা গোষ্ঠীর চরিত্র হয়ে উঠতে পারে, তা ৫ আগস্টে আমরা দেখেছি।
মাহমুদুর রহমানের রক্তমাখা ছবি এখনো তার চোখের সামনে ভাসে বলেও মন্তব্য করেন তিনি।‘৫ আগস্টের আগের সেই সময়ের দিকে আমরা আর ফিরে যেতে চাই না,’ বলেন তারেক রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ দলের সিনিয়র নেতারা।
গণমাধ্যমের সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন শফিক রেহমান, আবদুল হাই সিকদার, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আযম মীর শাহিদুল আহসান, জহিরুল আলম, এম এ আজিজ, কাদের গণি চৌধুরী, হাসান হাফিজ, শহিদুল ইসলাম, খুরশীদ আলমসহ অনেকে।
উল্লেখ্য, যুক্তরাজ্যে দেড় যুগ নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। এর পর ৩০ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান।
এর ১০ দিনের মাথায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। সাংবাদিকদের সঙ্গে এই বৈঠকটি ছিল চেয়ারম্যান হিসেবে তার প্রথম কর্মসূচি।
ইউডি/এআর

