‘নির্বিঘ্নে আইন প্রয়োগ করাই পুলিশের বড় চ্যালেঞ্জ’

‘নির্বিঘ্নে আইন প্রয়োগ করাই পুলিশের বড় চ্যালেঞ্জ’

উত্তরদক্ষিণ। রবিবার, ১১ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৮:০৫

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আইনগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় পুলিশকে ভুলভাবে বোঝা হয়। মানুষ মনে করে, পুলিশ এখনো ৫ আগস্টের আগের অবস্থায় রয়েছে।

এ অবস্থায় নির্বিঘ্নে আইন প্রয়োগ করাই পুলিশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।শনিবার দুপুরে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে রংপুর বিভাগে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণ সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, সমাজের পূর্ণ সমর্থন ছাড়া পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। নির্বিঘ্নে আইন প্রয়োগের জন্য উপদেষ্টাদের কাছে সমর্থন ও ‘গ্রিন সিগন্যাল’ চেয়েছেন তিনি।

কোনো দল বা প্রভাবশালী মহলের চাপের ভয়ে যদি পুলিশ কাজ করতে না পারে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, গত ১৫ বছরে পুলিশ দলীয় প্রভাবের মধ্যে পড়ে নানা ত্রুটি ও দুর্বলতায় জড়িয়ে পড়েছিল।

লোভী ও দলকানা কিছু সদস্যের কারণে পুরো বাহিনীর ওপর দায়ভার এসেছে। সেই অবস্থা থেকে বেরিয়ে এসে পুলিশকে আবার পেশাদার ও আত্মবিশ্বাসী বাহিনী হিসেবে গড়ে তুলতে গত এক বছর ধরে কাজ করা হচ্ছে।

বাহারুল আলম জানান, অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সাম্প্রতিক কিছু হত্যাকাণ্ড, বিশেষ করে ওসমান হাদি হত্যার ঘটনা জাতিকে নাড়া দিয়েছে।

এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।মামলাজটের কারণে খুনের বিচার দীর্ঘসূত্রতায় পড়ে যাচ্ছে উল্লেখ করে আইজিপি বলেন, বিচার বিলম্বিত হলে অপরাধীরা উৎসাহিত হয়।

এ ক্ষেত্রে বিশেষ আইন প্রণয়নের মাধ্যমে সরকারকে উদ্যোগ নিতে হবে।নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের ইতিহাসে এই প্রথম পুলিশ সদস্যদের নির্বাচন পরিচালনার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ইতোমধ্যে দেড় লাখ পুলিশের মধ্যে এক লাখ ৩৩ হাজার সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।আগামী ২০ জানুয়ারির মধ্যে বাকি প্রশিক্ষণ শেষ হবে।

ঝুঁকিপূর্ণ ও মধ্যম ঝুঁকির ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বডি ক্যামেরা দেওয়া হবে বলেও জানান তিনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading