যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি: রুমিন ফারহানা
উত্তরদক্ষিণ। রবিবার, ১১ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৮:৫০
৯০-এর গণঅভ্যুত্থান কিংবা ২০২৪ সালের গণঅভ্যুত্থান—সবই সাধারণ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
তিনি বলেন, ‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি।’
শনিবার (১০ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের সময় রাজপথে সাধারণ মানুষ ছাড়া তার দলের আর কাউকে দেখা যায়নি।
জনগণের সমর্থনই তাকে সব প্রতিকূলতার মধ্যেও নির্বাচনে দাঁড়ানোর সাহস জুগিয়েছে বলে জানান তিনি।তিনি বলেন, ‘৫২-এর ভাষা আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধ কোনো জমিদার বা নেতা করেনি।
সাধারণ মানুষই আন্দোলন করেছে, আত্মত্যাগ করেছে। আমার বাবা ছিলেন সেই ভাষা আন্দোলনের একজন সৈনিক।
যুগে যুগে মানুষের আকাঙ্ক্ষাই বিজয়ী হয়েছে।’তিনি অভিযোগ করেন, যারা একসময় রাজনীতির মাঠে দৃশ্যমান ছিলেন না, তারাই এখন তার নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি হুমকি দিতে চাই না।
বিনীতভাবে অনুরোধ করব—আমার কোনো নেতাকর্মীর গায়ে হাত দিলে তার জবাব দিতে হবে।’রুমিন ফারহানা আরও বলেন, তিনি কোনো দল বা গোষ্ঠীর নয়, মাটির মানুষের প্রার্থী।
জনগণের মুখের দিকে তাকিয়েই তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করছেন।নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার মতো শক্তিশালী প্রশাসনকেও তিনি ভয় পাননি।
বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ব্যালটবাক্স ভরে ফল নির্ধারণের সুযোগ নেই বলেও মন্তব্য করেন এই প্রার্থী।
অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা জুনায়েদ আল হাবিব মনোনয়ন পেলেও রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ সিদ্ধান্তের পর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
ইউডি/এআর

