‘স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলের চেষ্টা করবে’
উত্তরদক্ষিণ। রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, আপডেট ২১:৫০
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পতিত স্বৈরাচারের লোকেরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।
রবিবার (১১ জানুয়ারি) ইউরোপীয় প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা পর্যবেক্ষকদের জানিয়েছেন যে নারী ও তরুণ ভোটারদের মধ্যে ভোটের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে এবং আসন্ন নির্বাচনে ভালো ভোটার উপস্থিতি থাকবে বলে আশা প্রকাশ করেছেন।
প্রেস সচিব আরও বলেন, প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের আশ্বস্ত করেছেন যে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
তিনি জানান, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত।
শফিকুল আলম যোগ করেন, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর জন্য ধন্যবাদ জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা প্রত্যেক রাজনৈতিক দলের জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কথা জানিয়েছেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য উল্লেখ করেছেন।
ইউডি/এআর

