দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন, বাতিল ৭
উত্তরদক্ষিণ। শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, আপডেট ২১: ৩৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই নিয়ে আপিল শুনানির দ্বিতীয় দিনে ৫৮ জন প্রার্থী আবারও প্রার্থিতা ফিরে পেয়েছেন।
রবিবার (১১ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানিতে ৫৮টি আবেদন মঞ্জুর করা হয়েছে। সাতটি আবেদন নামঞ্জুর এবং ছয়টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) একদিনে ৭০টি আপিলের মধ্যে ৫১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়, একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয় এবং ১৫ জনের আপিল নামঞ্জুর ও তিনজনের আপিল বিবেচনাধীন রাখা হয়।
আগামী সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে, যা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
ইসি ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি সম্পন্ন করে সব আবেদন নিষ্পত্তি করবে। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, এবং সেই দিন চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা নির্ধারণ করা হবে। ২১ জানুয়ারি রিটার্নিং অফিসার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন।
নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
ইউডি/এআর

