চাঞ্চল্যকর এক অডিও বার্তায় নিরাপত্তা শঙ্কায় ইন্ডিয়া
উত্তরদক্ষিণ। রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, আপডেট ২৩:৫০
নতুন বছরের শুরুতেই ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান ও জাতিসংঘ ঘোষিত নিষিদ্ধ জঙ্গি মাসুদ আজহারের একটি কথিত অডিও বার্তা সম্প্রতি সামনে আসার পর দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
ওই অডিও বার্তায় মাসুদ আজহার দাবি করেছেন, ইন্ডিয়াতে হামলার জন্য কয়েক হাজার আত্মঘাতী জঙ্গি প্রস্তুত রয়েছে।
বার্তায় তিনি বলেন, ‘একটা, দুটো বা হাজার নয়—এবার কয়েক হাজার আত্মঘাতী হামলার মাধ্যমে ইন্ডিয়াতে উড়িয়ে দেওয়া হবে।’
তার এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।তবে ইন্ডিয়ান নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, এটি মূলত হুমকিমূলক প্রচারণা।
তাদের মতে, জইশ-ই-মহম্মদের সাংগঠনিক দুর্বলতা এবং সদস্যদের মনোবল ধরে রাখার কৌশল হিসেবেই এমন অডিও বার্তা ছড়ানো হয়েছে।
নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে জঙ্গি সংগঠনটির ওপর চাপ ও নজরদারি বাড়ায় আতঙ্ক থেকেই মাসুদ আজহার এ ধরনের বক্তব্য দিচ্ছেন।
বাস্তবে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা সংগঠনটির আছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।তবে সম্ভাব্য ঝুঁকি উড়িয়ে দেওয়া হচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইন্ডিয়ার নিরাপত্তা সংস্থাগুলো ইতোমধ্যে সতর্ক অবস্থান গ্রহণ করেছে এবং বিভিন্ন সংবেদনশীল এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
ইউডি/এআর

