গণভোট নিয়ে সব রাজনৈতিক দল একমত: আলী রীয়াজ

গণভোট নিয়ে সব রাজনৈতিক দল একমত: আলী রীয়াজ

উত্তরদক্ষিণ। সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৫:২৫

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গণভোট নিয়ে সব রাজনৈতিক দল একমত। কারণ এটি জনগণের প্রত্যক্ষ মতামত গ্রহণের একটি ঐতিহাসিক সুযোগ।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রাজশাহী হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কীভাবে স্বাধীনভাবে কাজ করবে— এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই নিতে হবে। এ কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে। নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোট অনুষ্ঠানের ব্যাপারে কোনো রাজনৈতিক দলের মধ্যে দ্বিমত নেই। গণভোট নিয়ে সব রাজনৈতিক দল একমত। কারণ এটি জনগণের প্রত্যক্ষ মতামত গ্রহণের একটি ঐতিহাসিক সুযোগ। মানুষ এখন ভোট দিতে চায়, কিন্তু সেই পরিবেশ বারবার বাধাগ্রস্ত হয়েছে। সেই গণতান্ত্রিক পরিবেশকে পূর্ণভাবে পুনঃপ্রতিষ্ঠা করতেই জুলাই জাতীয় সনদ ও গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যদি রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো নিয়ে তাদের মতামত দেয়, তাহলে ভবিষ্যৎ সরকার ও প্রতিষ্ঠানগুলো জনগণের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হতে বাধ্য হবে। বাংলাদেশে ভয়াবহ দুর্নীতি হয়েছে। এসব বন্ধ করতে হলে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী ও স্বাধীন করতে হবে। তবে শুধু একটি প্রতিষ্ঠান দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না, সংসদের সংশ্লিষ্ট কমিটিগুলোকেও কার্যকর করতে হবে।

সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খানের সভাপতিত্বে সম্মেলনে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আর এন এম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান ও জেলা প্রশাসক আফিয়া আখতার উপস্থিত ছিলেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading