পাকিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে ৮ পুলিশ নিহত

পাকিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে ৮ পুলিশ নিহত

উত্তরদক্ষিণ। সোমবার, ১২ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৭:৪৫

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশে পৃথক বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত আট পুলিশ সদস্য নিহত হয়েছেন।

এসব হামলায় আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।

সোমবার (১২ জানুয়ারি) ট্যাংক জেলায় গোমাল থেকে ট্যাংকের দিকে যাওয়ার পথে পুলিশের একটি সাঁজোয়া যানকে লক্ষ্য করে পেতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটানো হয়।

এতে ঘটনাস্থলেই ছয় পুলিশ সদস্য প্রাণ হারান।একই দিনে লাক্কি মারওয়াত জেলার সদর থানার আওতাধীন দারা টাং এলাকায় পুলিশের আরেকটি গাড়িকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন।

পুলিশ জানায়, দারা টাং সেতুর কাছে ডিভাইসটি পুঁতে রাখা হয়েছিল। ওই সময় জেলা পুলিশ কর্মকর্তা নিয়মিত টহলে ছিলেন এবং একই পথ দিয়ে যাওয়ার কথা ছিল। এর একদিন আগে ওই এলাকা থেকে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা এক আইনজীবীকে অপহরণ করেছিল বলেও জানানো হয়।

এর আগে খাইবার-পাখতুনখোয়ার বান্নু জেলায় রাতভর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ডোমেল থানার আওতাধীন নালা কাশো পুলিশ পোস্টে গভীর রাতে একাধিক দিক থেকে গুলি চালায় সন্ত্রাসীরা।

পুলিশ পাল্টা জবাব দিলে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়।এদিকে গত ২৪ ঘণ্টায় কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) পেশোয়ার ও খাইবার জেলায় পৃথক দুটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান চালিয়ে ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর সঙ্গে যুক্ত ছয়জন ‘অত্যন্ত কাঙ্ক্ষিত’ সন্ত্রাসীকে হত্যা করেছে।

পেশোয়ারের জাহির ঘাড়ি এলাকায় প্রথম অভিযানে তিনজন নিহত হয়। অপর অভিযানটি চালানো হয় খাইবার জেলার জামরুদের নাকা কাল্লে এলাকায়, যেখানে আরও তিন সন্ত্রাসী নিহত হয়।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ের মধ্যে সেনা, পুলিশ ও বেসামরিক নাগরিকসহ চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।ট্যাংক জেলায় পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দেন। একই সঙ্গে সন্ত্রাসবাদ নির্মূলে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি এবং প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্ডিও হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পুলিশের আত্মত্যাগ বৃথা যাবে না এবং সন্ত্রাসীদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading