মমতা ব্যানার্জীর বিরুদ্ধে মামলা
উত্তরদক্ষিণ। সোমবার, ১২ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৮:০০
তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকে (আই-প্যাক) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশির সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নথিপত্র সরিয়ে নেওয়ার অভিযোগে এবার ইন্ডিয়ার সুপ্রিম কোর্টে মামলা করেছে কেন্দ্রীয় সংস্থাটি।
ইডির অভিযোগ, তল্লাশি চলাকালে মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ নথি ও বৈদ্যুতিন প্রমাণ সরিয়ে নিয়ে যান, যা তদন্তে বাধা সৃষ্টি করেছে।
বিষয়টি নিয়ে এর আগে কলকাতা হাইকোর্টেও মামলা দায়ের করেছিল ইডি। পাল্টা হিসেবে ইডির বিরুদ্ধেও মামলা করেছে তৃণমূল কংগ্রেস।এবার সর্বোচ্চ আদালতে দায়ের করা আবেদনে ইডি চেয়েছে, তদন্তে বাধা দেওয়ার অভিযোগে মমতা ব্যানার্জীর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হোক।
ইন্ডিয়ার আইনবিষয়ক সংবাদমাধ্যম ‘বার অ্যান্ড বেঞ্চ’ এ তথ্য জানিয়েছে।অন্যদিকে, রাজ্য সরকার আগেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে জানিয়েছে, তাদের বক্তব্য না শুনে যেন একতরফা কোনো আদেশ দেওয়া না হয়।ইডি আরও দাবি করেছে, আই-প্যাকের মালিক প্রতীক জৈনের বাড়ি ও দফতর থেকে তল্লাশির সময় যেসব নথি ও ডিজিটাল প্রমাণ মুখ্যমন্ত্রী নিয়ে গিয়েছিলেন, সেগুলো ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হোক।
এ সংক্রান্ত মামলাগুলোর শুনানি আগামী ১৪ জানুয়ারি কলকাতা হাইকোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি কয়েক বছর পুরোনো কয়লা ও অর্থপাচার মামলার তদন্তের অংশ হিসেবে ইডি আই-প্যাকের মালিক প্রতীক জৈনের বাড়ি ও দফতরে তল্লাশি শুরু করে। তল্লাশির সময় হঠাৎ সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
পরে সংবাদমাধ্যমের সামনে একটি সবুজ ফাইল হাতে নিয়ে বেরিয়ে আসেন তিনি। নিজেই দাবি করেন, সেগুলো তার দলের নির্বাচনী কৌশলসংক্রান্ত নথি ও হার্ডডিস্ক।
এ ছাড়া আই-প্যাকের দফতরে চলমান তল্লাশির সময় প্রায় চার ঘণ্টা ভেতরে ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেও একাধিক ফাইল তার গাড়িতে তোলা হয় বলে অভিযোগ ওঠে।
পরদিন এক জনসভায় মমতা ব্যানার্জী বলেন, তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসেবে তিনি যা করেছেন, তা সঠিক সিদ্ধান্ত ছিল।
ইউডি/এআর

