বিএনপি নেতার মৃত্যুতে যা বলল সেনাবাহিনী
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৩ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৭:২২
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে আটক পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. শামসুজ্জামান ওরফে ডাবলু (৫০) কে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ফার্মেসিটিতে তল্লাশি চালিয়ে একটি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অভিযান শেষে আটক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডারসহ অভিযানে অংশ নেওয়া সব সেনাসদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে এবং একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্তে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ইউডি/এআর

